ভালুকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে বিকেলে ভালুকা শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতার পক্ষে দীর্ঘদিনের একটি আন্দোলনের নাম। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি দেশের মানুষের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছে।
তিনি বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাসে নানা প্রতিকূলতা, আন্দোলন ও ত্যাগের অধ্যায় রয়েছে। দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনায় দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি।
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু আরও বলেন, ভালুকার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
শোভাযাত্রায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকেও নেতা-কর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব, সদস্যসচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, কৃষকদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































